শাহরিয়ার আলম সোহাগ, ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা ট্রাফিক পুলিশ শহরের বাইপাস সড়কে আজ মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে ৫০টি গাড়ি থেকে হাইড্রোলিক হর্ণ জব্দ করেছে। পুলিশ জানায়, শব্দ ও পরিবেশ দূষণের হাত থেকে ঝিনাইদহ শহরকে মুক্ত করার জন্য এ অভিযান চালানো হয়।
এ সময় ঝিনাইদহ শহরের বাইপাস সড়কে ৫০টি বাস, ট্রাক ও পিকআপ থেকে অননুমোদিত হাইড্রোলিক হর্ণ খুলে নেয়া হয়। অভিযানে ট্রাফিক সার্জেন্ট গৌরাঙ্গ পাল ও ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর সালাহ উদ্দিন জানান, প্রাথমিকভাবে ওইসব যানবাহন থেকে সতর্কতামূলকভাবে হর্ণ খুলে নেয়া হলেও তাদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নেয়া হয়নি।

