সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলার পল্লীতে মাদকদ্রব্য বিক্রি ও সেবনে বাধা দেয়ায় আসাদুল ইসলাম আলম ও তার ভাতিজা মামুনকে এলোপাথাড়ি পিটিয়েছে সন্ত্রাসীরা। তাদেরকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, উপজেলার যাদুর তাইড় গ্রামের আশরাফ আলী ও ফুয়াদ (পিতা-পুত্র) দীর্ঘদিন ধরে বেসরকারি সংস্থা ইউএসটি’র অফিস ঘরে এলাকার প্রভাব খাটিয়ে মাদকদ্রব্য (ফেনসিডিল ও গাঁজা) বিক্রি করে আসছে। ঘটনার দিন গতকাল সোমবার একই গ্রামের আসাদুল ইসলাম আলম প্রকাশ্যে মাদক বিক্রি করা দেখে বাধা দিলে মাদক ব্যবসায়ী পিতা-পুত্র আশরাফ ও ফুয়াদসহ ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল বাড়িতে হামলা চালায় ও আলমকে এলোপাথাড়ি মারপিট করে। এ সময় তার ভাতিজা মামুন এগিয়ে আসলে তাকেও মারপিট করে চলে যায়। আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সন্ত্রাসীদের হামলায় আলমসহ ৩টি পরিবার অবরুদ্ধ হয়ে পরেছে। ঘর থেকে বের হতে পারছেন না তারা। এ ঘটনায় সাঘাটা থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাঘাটা থানার এসআই শাকিল আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

