ঢাকাMonday , 20 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্প (বারটান অঙ্গ)’র কর্মশালা

Link Copied!

অবহিতকরণ কর্মশালায় বক্তব্য রাখছেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন

অবহিতকরণ কর্মশালায় বক্তব্য রাখছেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন

নিজস্ব প্রতিবেদক : সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্প (বারটান অঙ্গ)’র অবহিতকরণ কর্মশালা আজ সোমবার রাজধানীর খামারবাড়িস্থ আ.কা.মু. গিয়াস উদ্দিন মিল্কী অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্বোধনী পর্বে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বারটান (বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট)’র নির্বাহী পরিচালক মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান (পরিকল্পনা উইং) মো. মনজুরুল আনোয়ার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ এজেডএম মমতাজুল করিম।

প্রধান অতিথি মো. মকবুল হোসেন বলেন, দেশে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্যহারে কমেছে, মানুষের গড় আয়ু বেড়েছে। বিশাল জনগোষ্ঠীর এই দেশে কৃষিজমি প্রতিনিয়ত কমছে, বাড়ছে খাদ্যের চাহিদা; বিরাট এই চ্যালেঞ্জকে মোকাবেলা করে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি; বর্তমানে চালসহ বিভিন্ন ফসল রপ্তানি হচ্ছে। এখন উৎপাদিত ফসলের পুষ্টিমান নিশ্চিতকরণের মাধ্যমে দেশের মানুষের জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধানে কাজ করতে হবে। এ সময় তিনি আরো বলেন, মানুষকে পুষ্টিজ্ঞান সমৃদ্ধ করতে হলে আলোচ্য প্রকল্পের কার্যক্রমকে গ্রামীণ জনগোষ্ঠীর আরো কাছে নিয়ে যেতে হবে। কৃষি বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় শিক্ষক, মসজিদের ইমাম, এনজিওকর্মীসহ সংশ্লিষ্টদের পুষ্টি ও নিরাপদ খাদ্য বিষয়ে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করতে হবে যাতে করে তারা সাধারণ মানুষের মাঝে সচেতনতা গড়ে তোলার কাজটি সুচারুরূপে পালন করতে পারেন। এর পাশাপাশি সংশ্লিষ্ট সকল সরকারি ও বেসরকারি সংস্থাকে বারটানের কার্যক্রম বাস্তবায়নে সহায়তার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে মো. মোশারফ হোসেন বলেন, দেশের মানুষকে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য যোগাতে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ। তাই নিরাপদ খাদ্য ও পুষ্টি সচেতনতা বিষয়ক বিভিন্ন কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। তিনি আরো বলেন, কৃষি বিভাগ সংশ্লিষ্টসহ কৃষক, কৃষাণি, স্কুল শিক্ষক, মসজিদের ইমাম, এনজিওকর্মীদের খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদানে এই প্রকল্পের বারটান অঙ্গের ৭ কোটি টাকা ব্যয় করা হবে। এদের মাধ্যমে দেশের মানুষকে বিভিন্ন খাদ্যের পুষ্টিগুণ সম্পর্কে অবহিতকরণসহ সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং ফসলের নতুন জাত ও উচ্চমূল্যের ফসল চাষে উদ্বুদ্ধ করতে হবে। এর পাশাপাশি বিভিন্ন ফল ও ফসলে অবাধে রাসায়নিক ব্যবহারের প্রবণতাকে নিরুৎসাহিত করার উপরও জোর দেন তিনি।

বিশেষ অতিথি মো. মনজুরুল আনোয়ার বলেন, সুস্থ সবল জাতি গঠনে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য উৎপাদনের কোন বিকল্প নেই। এই মহতী ও সময়োপযোগী উদ্যোগকে সফল করতে আলোচ্য প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

বিশেষ অতিথি কৃষিবিদ এজেএম মমতাজুল করিম প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

দু’টি পর্বে বিভক্ত কর্মশালার কারিগরি পর্বে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বারটান’র অবকাঠামো নির্মাণ ও কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক এস এম শিবলী নজিরের সভাপতিত্বে প্রকল্পের পুষ্টি প্রশিক্ষণের পাঠ্যক্রম পর্যালোচনা ও সুপারিশমালা প্রণয়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। কর্মশালায় স্বাগত বক্তব্য ও বারটান অঙ্গের কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক মো. মাহফুজ আলী। প্রকল্প পরিচালক মহাম্মদ মাইদুর রহমান দেশের জনগণের পুষ্টি চাহিদা পূরণে গৃহীত বিভিন্ন কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।