আবুল হায়াত বাচ্চু, সাভার
সোমবার সকাল ১০টায় সাভারে মামুন পার্টি প্যালেস ও কমিউনিটি সেন্টার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সাভার শাখার আয়োজনে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে অনলাইনে কর প্রদান সম্পর্কিত বিভিন্ন বিষয় ও কর প্রদানের সুবিধা তুলে ধরা হয়।
সেমিনারে বক্তারা বলেন, রাজস্ব আদায় নিয়ে করদাতাদের হয়রানির দিন শেষ। এখন ঘরে বসেই অনলাইনে রিটার্ন দাখিল করাসহ যাবতীয় কাজ করতে পারবেন করদাতারা। এমনকি রাজস্ব নিরূপন নিয়ে কোন আপত্তি থাকলে তার জন্যও মূসক দফতরে যাবার প্রয়োজন নেই। ঘরে বসেই অনলাইনে আপিল করা যাবে এবং অনলাইনে রায়ের কপিও পাওয়া যাবে।
সেমিনারে সাভারের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকর্তা আকতার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের (ঢাকা পশ্চিম) কমিশনার মতিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন যুগ্ম কমিশনার শামীম আরা বেগম ও এনার্জিপ্যাকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার রবিউল আলম এবং রাজস্ব কর্মকর্তা শামছুল হক প্রমুখ।

