বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা ৪ দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে যশোরের কেশবপুরে কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার বিভিন্ন মাঠে পানি জমে আক্রান্ত হয়েছে মৌসুমী এসব ফসল। উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, এবারের বৃষ্টিতে উপজেলার মোট ৬৬৮ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে- সবজি – ৬৭ হেক্টর, ধান – ৯০ হেক্টর, পেঁয়াজ – ৮ হেক্টর, ভুট্টা – ১৬ হেক্টর, সরিষা – ৪৮৫ হেক্টর ও মরিচ – ২ হেক্টর। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সরিষা চাষিরা। মাঠে সম্প্রতি বপনকৃত ও আগাম চাষ করা সরিষা পানিতে ডুবে পচে যাচ্ছে। এছাড়া রোপা আমন ধান ও শীতকালীন সবজি নিয়েও বিপাকে পড়েছেন কৃষকরা। এ বিষয়ে কেশবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে ৬৬৮ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করছি। কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে দ্রুত জমে থাকা পানি নিষ্কাশনের জন্য। ক্ষয়ক্ষতি নিরূপণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

