মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় দুই সক্রিয় কর্মীকে ধরে গাংনী থানা পুলিশে সোপর্দ করেছে জনতা। রবিবার সকালে গাংনী উপজেলার কাজিপুর গ্রাম থেকে তাদের উদ্ধার করে পুলিশ। এরা হলেন, কাজিপুর মধ্যপাড়া গ্রামের মৃত পিয়ার উদ্দিনের ছেলে জোবায়ের হোসেন শুভ এবং শফিকুল ইসলামের ছেলে মাহফুজুর রহমান। এরা দুজনেই ছাত্র লীগের স্থানীয় সক্রিয় কর্মী বলে সনাক্ত করেছে পুলিশ। স্থানীয়রা জানান, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করতে কাজিপুর এলাকায় পোস্টারিং, রাতের আঁধারে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিভিন্ন কার্যক্রম করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় নেতৃত্ব দেই এই দুই ছাত্র লীগ কর্মী। স্থানীয়রা এই দুইজনকে আটক করে গাংনী থানা পুলিশকে খবর দেন। পরে গাংনী থানা পুলিশের একটি টিম সেখান থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, স্থানীয়রা দুইজনকে আটক করার পর পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তারা দুজনেই ছাত্র লীগের ক্রিয় কর্মী। এ ঘটনায় তাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা দিয়ে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

