নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের প্রধান সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহর অভিযোগ, নির্বাচনী প্রচারণা বিএনপির সমর্থিত প্রার্থীদের বাধা দেয়া হচ্ছে। তবে শত বাধা সত্ত্বেও মির্জা আব্বাসেক মগ মার্কায় ভোট দেয়ার জন্য জোয়ার উঠেছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মির্জা আব্বাসের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মির্জা আব্বাসের পক্ষে তার স্ত্রী আফরোজা আব্বাস ইশতেহার পাঠ করেন।
হান্নান শাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থীদেরকে বাধা দেয়া হচ্ছে। অথচ সরকার দলীয়রা নিরাপদে প্রচারণা চালাতে পারছে। তবে বাধা সত্ত্বেও মগ মার্কায় ভোট দেয়ার জোয়ার উঠেছে। মির্জা আব্বাস বিপুল ভোটে জয়লাভ করবে।’
দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে হান্নান শাহ বলেন, ‘সরকার সমর্থকরা যাতে ভোট চুরি করতে না পারে এ জন্য ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।’
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক ড. এমাজউদ্দীন আহমেদ, সদস্য সচিব শওকত মাহমুদ, ড. মাহফুজ উল্লাহ, ড. সুকমল বড়ুয়া প্রমুখ।

