বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনিরুল হক ফরাজিকে অপহরণের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে তার সাথে থাকা বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক নেতা মোঃ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়ি চালক হাসন নিরাপদ স্থানে পৌছেছেন। জানতে চাইলে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন বলেন, একটি প্রাইভেটকারে করে ঢাকা থেকে বাগেরহাটে আসছিলাম। পথে কয়েক জায়গার রাস্তায় উপর গাছ ফেলানো ছিল। অনেক চেষ্টা করে ঘোনাপাড়া এলাকায় এসেছি। ঘোনাপাড়ায় আশপাশে থাকা অবস্থায় অস্ত্রধারী একটি দল আমাদের গাড়ি আটকে দেয়। এক পর্যায়ে তারা গাড়ি ভাংচুর শুরু করে। আমাদের কাছে থাকা টাকা, মুঠোফোন ছিনিয়ে নেয়। মুঠোফোন ও মানিব্যাগ চেক করে। আমাদের মারধর করে তারা। এক পর্যায়ে আমাকে ও গাড়ি চালক হাসানকে ছেড়ে দিলেও মনিরুল হক ফরাজির ফোনে প্রধানমন্ত্রীর ছবিসহ দলীয় কার্যক্রমের ছবি পায়। সন্ত্রাসীরা বিএনপি বিএনপি করে চিৎকার করে। এক পর্যায়ে মনিরুল হক ফরাজিকে ধরে নিয়ে যায় তারা। গাড়ি ফেলে আমি ও গাড়ি চালক কোনভাবে জীবন নিয়ে ফিরে এসেছি। শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন আরও বলেন, অনেক কষ্ট করে মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের কার্যালয়ে এসে ছি। পুলিশকে জানানো হয়েছে। ৯৯৯- এ ফোন করে জানিয়েছি। মনিরুল হক ফরাজিকে খুঁজতে দলীয়ভাবেও চেষ্টা করা হচ্ছে। মনিরুল হক ফরাজির পরিবার এবং বাগেরহাট জেলা বিএনপির কয়েকজন নেতার সাথে কথা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন সন্ধান জানাতে পারেন নাই। তবে তারা দ্রুত মনিরুল হক ফরাজীকে উদ্ধারের দাবী জানিয়েছেন প্রশাসনের প্রতি।

