ঢাকাThursday , 19 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিজস্ব প্রযুক্তিতে ৩৬ মাসে স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা সরকারের 

Link Copied!

দেশীয় উদ্ভাবন ও নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে আগামী ৩৬ মাসের মধ্যে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে তরুণ প্রজন্মের মেধা, সৃজনশীলতা ও গবেষণাকে কাজে লাগিয়ে এ লক্ষ্য অর্জন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানচর্চায় পিছিয়ে পড়লে একটি জাতি ও তার ভবিষ্যৎ প্রজন্মও পিছিয়ে পড়ে। তথ্যপ্রযুক্তির এই যুগে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা, প্রাতিষ্ঠানিক সহায়তা ও কারিগরি প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে তারা বৈশ্বিক উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে তরুণদের পক্ষে কঠিন লক্ষ্যও অর্জন করা সম্ভব। এ সময় দেশের বিমান চলাচল খাতের উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য রয়েছে সরকারের। এ লক্ষ্য বাস্তবায়নে তরুণদের মেধা, গবেষণা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি। এর আগে দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মন্ডলেরহাটে যান। সেখানে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের বিশেষ কর্মসূচির আওতায় একটি মডেল খাল খননকাজের উদ্বোধন করেন। পরে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি। দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিরতি শেষে বিকেল আড়াইটায় জেলা কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।