চট্টগ্রাম প্রতিনিধি : সরকার দলীয় নেতাকর্মীদের সকল বাধা বিপত্তি উপেক্ষা করে আগামী ২৮ এপ্রিল আসন্ন সিটি নির্বাচনে ব্যালট বিপ্লব ঘটানোর আহবান জানিয়েছেন সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
রোববার সকালে ২০ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলমের সমর্থনে নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় গণসংযোগকালে তিনি এ আহ্বান জানান।
খন্দকার মাহবুব হোসেন পেশাজীবি নেতৃবৃন্দকে সাথে নিয়ে নগরীর রিয়াজুদ্দিন বাজার, তিন পোল, গোলাম রসুল মার্কেট, আমতলা এলাকায় মনজুর আলমের পক্ষে ব্যাপক গণসংযোগ করেন।
এসম তিনি বলেন, ‘এ নির্বাচন নিছক একটি স্থানীয় সরকার নির্বাচন নয়। জাতীয় রাজনীতির বর্তমান পেক্ষাপটে এর গুরুত্ব ও প্রভাব সুদূরপ্রসারী। জুলুম, অন্যায় অবিচারের বিরুদ্ধে, মানুষ হত্যা, গুম, হামলা-মামলা, জেল-জুলুমের বিরুদ্ধে এ নির্বাচন একটি প্রতিবাদ। ব্যবসায়ীরা যাতে সন্ত্রাস-চাদাঁবাজ-দুর্নীতিমুক্ত পরিবেশে ব্যবসা-বাণিজ্য করতে পারে সেজন্য ভোটের পবিত্র আমানত ভদ্র, স্বচ্ছ ও যোগ্য ব্যক্তির কাছে দান করতে হবে।’
মাহবুব বলেন, ‘আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে জনগন নতুনভাবে জেগে উঠেছে। তারা শান্তিপূর্নভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু জনসমর্থন হারা সরকার এটি বুঝতে পেরে একদিকে সেনা মোতায়েনের বিরোধীতা করছে অন্যদিকে কেন্দ্র দখল, ব্যালট ছিড়ে বাক্সভর্তি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফলাফল পাল্টানোর ফন্দি আঁটছে। এটা বাংলাদেশের গনতন্ত্রকামী সচেতন মানুষ কখনো সহ্য করবে না।’
এসময় শিক্ষাবিদ প্রফেসর ড. আ.ন.ম. মুনির আহমদ চৌধুরী, সম্মিলিত পেশাজীবী পরিষদ নেতা ডা. খুরশীদ জামিল চৌধুরী, জাহিদুল করিম কচি, চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের সদস্য সচিব এডভোকেট এস ইউ এম নুরুল ইসলাম, প্রফেসর নসরুল কদির ও বিএফইউজে’র সহকারী মহাসচিব মোহাম্মদ শাহনওয়াজ, ডা. আবদুল করিম, এডভোকেট আবদুল মান্নান ও এডভোকেট হাসনা হেনা, রিয়াজুদ্দিন বাজার, গোলাম রসুল মার্কেটের ব্যবাসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

