নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের তফসিল ঘোষণার পরও ঢাকা উত্তর ও দক্ষিণে সিটি করপোরেশনে নিয়োগ প্রক্রিয়া, উন্নয়নমূলক প্রকল্প ও দোকান বরাদ্দ দিয়ে সরকার এপ্রিল ফাইনালে মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
রোববার দুপুর দেড়টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ড. রিপন বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পরও দোকান বরাদ্দ ও উন্নয়নমূলক কাজ সরকার করতে পারে না। এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। তাই অনতিবিলম্বে এ প্রকল্পগুলোর কাজ বন্ধ করতে হবে।’
তিনি বলেন, ‘সরকার ধরেই নিয়েছে ২৮ এপ্রিল তাদের ভরাডুবি হবে। আওয়ামী লীগকে জনগণ না করবে। তাই সরকার মে মাসের আগে কাজ শেষ করতে এপ্রিলেই ফাইনাল খেলায় মেতে উঠেছে। যাতে নির্বাচিত মেয়রদের জন্য কোনো প্রকল্প বা অর্থ বরাদ্দ না থাকে।’
সিটি করপোরেশন যে ১০৯ জন তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা সবাই আওয়ামী লীগের ক্যাডার বলেও দাবি করেন রিপন।
প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘সিটি করপোরেশন যে নিয়োগ প্রক্রিয়া হাতে নিয়েছে সে নিয়োগ প্রক্রিয়ায় আপনি সম্মতি দেবেন না। যদি সম্মতি দেন তাহলে আমরা বুঝবো আগের মতোই সরকারের আজ্ঞাবহ হয়ে আপনারা কাজ করছেন।’
গতকাল শনিবার বিকেলে জর্জকোট এলাকায় মির্জা আব্বাসের কর্মীদের কাছ থেকে সরকার দলীয় লোকজনের লিফলেট ও মাইক ছিনিয়ে নেয়ার ঘটনায় নিন্দা জানিয়ে রিপন বলেন, ‘সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আশেপাশে উপস্থিত থাকলেও তারা কোনো ব্যবস্থা নেননি।’
তিনি বলেন, ‘জনগণের নাগরিক অধিকারের প্রশ্নে বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে। যাতে নির্বাচন গ্রহণযোগ্য হয়। কিন্তু নিয়মানুযায়ী সিটি করপোরেশন নির্বাচনে কাজ করছে না ইসি। সরকার দলীয় প্রার্থীরাই নিয়ম লঙ্ঘন করছেন বেশি। সেই খবর পত্রিকায় প্রকাশিত হলেও ইসির চোখে পড়ছে না।’
সংবাদ সম্মলনে ড. রিপনের সঙ্গে চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, সাবেক এমপি শাম্মী আক্তারসহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

