কুষ্টিয়া প্রতিনিধি : ‘বেগম খালেদা জিয়া গর্তে ঢুকলেও উনি খোলস বদল করেননি। সন্ত্রাসী ও জঙ্গীবাদী রাজনীতি তিনি ছাড়েননি। জনগণের কাছে মাফ চাননি বা অনুতপ্তও হননি। এটা সবচাইতে বিপজ্জনক যে, আগুন সন্ত্রাসীদের রাজনীতির মাঠে ফেরত আসার জন্য নেতৃত্ব দিচ্ছেন।’
শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া পলিটেকনিক কলেজ অডিটোরিয়ামে এডুকেয়ার আইডিয়াল স্কুলের মেধাবীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসব কথা বলেন।
ইনু বলেন, ‘বেগম খালেদা জিয়া গণতন্ত্রের সুযোগ নিচ্ছেন। নিজের দম ফেলার জন্য ও নিজেকে গোছানোর জন্য। তিনি রাজনীতির মাঠে ফেরত আসার জন্য সিটি নির্বাচনকে কৌশল হিসেবে ব্যবহার করছেন।’
এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালদা জিয়া রাজনীতির মাঠে ফেরত আসার জন্য সিটি নির্বাচনে কৌশল হিসেবে ব্যবহার করছেন।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনার জন্য সব ক্ষমতা দিয়েছে সরকার। এর আগে অনেক সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কেইউ কোনো ভোট কারুচুপির অযুহাত তুলতে পারেনি। উনি জাতীয় নির্বাচন কেন বর্জন করে আবার এই সিটি নির্বাচন করছেন তার কৈফিয়ত জনগণকে দিতে হবে।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক য. শেখ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পদক আব্দুল আলিম স্বপন, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মশাররফ হোসেন, এডুকেয়ার আইডিয়াল স্কুলের পরিচালক হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন তথ্যমন্ত্রীসহ অতিথিরা।

