টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকচাপায় নয়নবালা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী প্রায় আধাঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের দেওহাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নয়নবালা দেওহাটা কচুয়াপাড়া গ্রামের অমূল্য পালের স্ত্রী।
দেওহাটা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফখরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি দ্রুতগামী বালুভর্তি ট্রাক রাস্তাপাড় হওয়ার সময় নয়নবালাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এদিকে এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ও স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ওই স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের উভয়পাশে যানজটের সৃষ্টি হয়।
পরে পুলিশ গিয়ে দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও এর চালক পলাতক রয়েছে। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

