গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের ভাওরাইদ এলাকায় দুর্বৃত্তদের হামলায় এক গৃহবধূ খুন হয়েছেন। এ সময় হামলায় আহত হয়েছেন ওই গৃহবধূর স্বামী ও মেয়ে।
শনিবার সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার রাতে ভাওরাইদ এলাকার হাজীবাড়িতে নিজ ঘরে বৃদ্ধ স্বামী আনোয়ার হোসেন, স্ত্রী ও মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় একদল দুর্বৃত্ত আনোয়ার হোসেনের ঘরে হানা দেয়। এসময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আনোয়ার, স্ত্রী খোরশেদা বেগম ও মেয়ে আকলিমাকে এলোপাথারি আঘাত করে ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যায়।
দুর্বৃত্তদের হামলায় ঘটনাস্থলে স্ত্রী খোরশেদা বেগম মারা যান।
শনিবার সকালে নিহতের স্বজনরা ডাকতে গিয়ে ঘরের ভেতর খোরশেদা বেগমের মরদেহ এবং আহতাবস্থায় আনোয়ার ও তার মেয়েকে দেখতে পান।
পরে পুলিশকে খবর দেয়া হলে সকাল ১০টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। গুরুতর আহতাবস্থায় আনোয়ার হোসেন ও তার মেয়েকে উদ্ধার করে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হত্যাকাণ্ডটি পরিকল্পিত বলে মনে করছে পুলিশ। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা বলতে পারছে না পুলিশ।

