কক্সবাজার প্রতিনিধি: বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেল এলাকা থেকে মাছধরার ট্রলারসহ ২৮ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জলডাকাতরা।
বুধবার রাতে এ অপহরণের ঘটনা ঘটে। ওই ট্রলার থেকে ফিরে আসার দু’জেলের বরাত দিয়ে জেলা বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান এ তথ্য জানান।
মুজিবুর রহমান জানান, একদল সশস্ত্র জলডাকাত আকস্মিক হানা দিয়ে সোনাদিয়া চ্যানেল থেকে ২৮ জেলেসহ ‘এফবি জয়নাল’ নামে মাছধরার ট্রলারটি নিয়ে যায়। এসময় পানিতে ঝাঁপ দিয়ে দু’জেলে অপহরণের হাত থেকে রক্ষা পান। পরে তারা সাঁতরিয়ে অন্য ট্রলারে উঠে কূলে ফিরে এসে এ সংবাদ জানান।
জেলা বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহামদ জানান, ট্রলারসহ অপহরণের শিকার জেলেদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে একটি সূত্র বলছে অপহৃত জেলেদের মেরে ফেলা হয়েছে।
এ নিয়ে পরিবারসহ জেলে পল্লীতে উৎকণ্ঠা বিরাজ করছে।
সভাপতি মুজিবুর রহমান বলেন, ‘বোটসহ অপহৃত জেলেদের উদ্ধারের জন্য কোস্টগার্ডসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সহায়তা চাওয়া হয়েছে। তারা আমাদের আশ্বস্ত করেছে।

