বরিশাল প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কে কাশিপুর ডেইরি ফার্মের সামনে ট্রাকের ধাক্কায় দুই নারীসহ ছয় মাহেন্দ্র যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ যাত্রী।
বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মাহেন্দ্রা চালক বরিশালের বাবুগঞ্জ উপজেলার উত্তর রহমতপুর এলাকার কার্তিক চন্দ্র দাসের ছেলে স্বপন কুমার দাস (৪০), পার্শ্ববর্তী পশ্চিম রহমত এলাকার জয়নাল আবেদীনের স্ত্রী মালেকা বেগম (৫৫) ও তার ছেলে বিএম কলেজের ছাত্র মামুনর রশীদ (২৫), ইছহাক আলী মৃধার ছেলে আলতাফ মৃধা (৫০), আলীম উদিনের ছেলে সোহরাব হোসেন (৬০) এবং মো. নজরুল ইসলামের স্ত্রী লাভলী বেগম (৫০)।
পুলিশ জানায়, সকালের দিকে বরিশাল থেকে একটি ট্রাক গড়িয়ার পাড়ের দিকে যাচ্ছিল। ট্রাকটি কাশিপুরের ডেইরি ফার্মের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচ মাহেন্দ্র যাত্রী নিহত হন। আহত হন আরো ৭ যাত্রী।
আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন শেবাচিমের ওয়ার্ড মাস্টার আবুল কালাম।
মেট্রোপলিটন বিমানবন্দর থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই নারীসহ পাঁচ জনের লাশ উদ্ধার করে শেবাচিমে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান। এ দুর্ঘটনার ফলে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও এখন স্বাভাবিক হয়েছে।

