নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। বিএনপি সমর্থিত ঢাকা দক্ষিণ সিটির প্রার্থী মির্জা আব্বাসের প্রচারণায় পুলিশ ও সরকার দলের নেতাকর্মীরা বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে বলেও অভিযোগ করা হয়েছে।
বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘গতকাল মঙ্গলবার সিদ্বেশ্বরী কলেজের সামনে ছাত্রলীগ নেতা শিশিরের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে মির্জা আব্বাসের সমর্থকদেরকে ভয় ভীতি দেখায়। এছাড়া প্রেসক্লাবের সামনে ছাত্রলীগ নেতা জহির ও তার অনুসারীরা এবং কয়েকজন পুলিশ সদস্য মির্জা আব্বাসের লিফলেট ছিনিয়ে নেয়। শাহবাগেও মির্জা আব্বাসের পোস্টার আগুন দেয়ার খবর পাওয়া গেছে। বেইলী রোডে র্যাব ও পুলিশ সদস্যরা মির্জা আব্বাসের পক্ষে প্রচারণা চালানোর সময় ধাওয়া দেয়। কিন্তু নির্বাচন কমিশন এসব বিষয়ের প্রতি নজর রাখছে না।’
তিনি বলেন, ভয়ভীতির পরিবেশে সুষ্ঠ নির্বাচন পরিচালনা করা সম্ভব নয়। এতে ভোটাররা কেন্দ্রে যেতে অনীহা দেখাবে। ফলে নির্বাচনও সুষ্ঠ হবে না।

