নিজস্ব প্রতিবেদক: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, `ইন্টারপোলের মাধ্যমে বিএনপিকে চাপে রাখার কোনো সুযোগ নেই। ইন্টারপোলের মাধ্যমে তারেকের নামে রেড এলার্ট জারির প্রচারণা বিভ্রান্তিমূলক ও অপকৌশল।’
বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিটে নয়াপল্টন দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে এসব কথা বলেন তিনি।
তিনি অভিযোগ করে বলেন, ‘সরকার অতি উৎসাহী হয়ে এরকম প্রচারণা চালিয়েছে। ইন্টারপোলের কথা বলে জাতীয়তাবাদী শক্তিকে হতাশ করার প্রচেষ্টা সফল হবে না। এরকম ঘটনার নিন্দা জানাই।’
গণতন্ত্রকে বিকশিত করতে হলে সমঝোতার বিকল্প নেই। সরকার কার্যকর সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবেন এরকম প্রত্যাশা করেন বিএনপির এই নেতা।
রিপন আরো বলেন, ‘ভবিষ্যতে তারেক ও জয় বৃহৎ দু’টি রাজনৈতিক দলের নেতৃত্বে দেবেন। সুতরাং তাদেরকে নিয়ে সমালোচনা করলে রাজনীতিতে সুবাতাস বয়ে আনবে না।’
রেড এলার্ট জারির নামে সরকার নাটক করছে বলেও অভিযোগ করেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কর্নেল শাহ জাহান, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শাহীন প্রমুখ।

