জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকা বাজি ধরে জীবন্ত শালিক পাখির পালক ছিঁড়ে পাখা ও পা ভেঙে খাওয়ার অভিযোগে সাবদুল্লাহ নামে এক অটোচালককে আটক করেছে পুলিশ। এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার কোয়ালিকান্দি মধ্যপাড়ার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। স্থানীয় সূত্র জানায়, গত ১৩ অক্টোবর ছড়িয়ে পড়া প্রায় দেড় মিনিটের ভিডিওতে সাবদুল্লাহকে একটি জীবন্ত শালিকের পালক ছিঁড়ে পাখা ও পা ভেঙে কাঁচা খেতে দেখা যায়। উপস্থিত কয়েকজন ব্যক্তি ঘটনাটি ভিডিও করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। স্থানীয় এক ব্যক্তির সঙ্গে ৫০০ টাকা বাজি ধরে তিনি এ ঘটনা ঘটান বলে অভিযোগ রয়েছে। আটক সাবদুল্লাহ বলেন, “বাজি ধরে শালিক পাখিটিকে জীবন্ত খেয়ে ফেলেছি। এটা উচিত হয়নি। তখন আবেগে কাজ করেছে, বিবেকে কাজ করেনি।” মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সাবদুল্লাহকে আটক করা হয়েছে। খবর পেয়ে বন্যপ্রাণী অধিদপ্তরের একটি দল ঘটনাস্থলে যাচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

