ঢাকাMonday , 12 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইপিইউ সম্মেলনে বাংলাদেশের অর্জন, আমিরাতে প্রবাসীদের অধিকার সুরক্ষায় সাঈদ আল নোমানের উদ্যোগ

Link Copied!

আইপিইউ সম্মেলন-২০২৬-এ বাংলাদেশের অর্জন এবং সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার উদ্যোগ নিয়ে গণমাধ্যমে দেয়া বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন চট্টগ্রামের সংসদ সদস্য সাঈদ আল নোমান। গত ১০ অক্টোবর সম্মেলন চলাকালে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানে সম্মেলনের সাইডলাইনে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের প্রতিরক্ষা, অভ্যন্তরীণ ও বৈদেশিক বিষয়ক কমিটির চেয়ারম্যান ড. রশিদ আল নুয়াইমির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম, পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জাহরাত আদিব চৌধুরী এবং সংসদ সদস্য সাঈদ আল নোমান অংশ নেন। সাক্ষাৎকারে সাঈদ আল নোমান বলেন, বৈঠকে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজীকরণ, ভিসা নবায়ন, কর্মক্ষেত্রে নিরাপত্তা, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং প্রবাসীদের অন্যান্য সমস্যা সমাধানের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। তিনি আরও জানান, ২০২৪ সালের আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নেওয়ার কারণে আটক হওয়া শতাধিক বাংলাদেশিকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়ায় দেশটির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। সাঈদ আল নোমান বলেন, প্রবাসী শ্রমিকদের সমস্যা সমাধানে ড. রশিদ আল নুয়াইমির সঙ্গে এই বৈঠক তাঁর গত দুই থেকে তিন মাসের ধারাবাহিক উদ্যোগ ও প্রচেষ্টার ফল। চট্টগ্রামসহ বাংলাদেশের সব প্রবাসী শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ে তিনি সব সময় সোচ্চার থাকবেন বলেও জানান। তিনি বলেন, প্রবাসী শ্রমিকদের শুধু ব্যক্তি হিসেবে নয়, বরং বাংলাদেশের পরিবার, সমাজ ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা উচিত। তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই তাঁদের নিরাপত্তা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এদিকে, আইপিইউ সম্মেলনে বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ অর্জনের কথাও তুলে ধরা হয়। সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম আইপিইউর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৩৭টি দেশের চেয়ারম্যান নির্বাচিত হন। পাশাপাশি সংসদ সদস্য ব্যারিস্টার জাহরাত আদিব চৌধুরী আইপিইউর নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে তিনি মঙ্গোলিয়ার প্রার্থীকে পরাজিত করেন। বিশ্লেষকদের মতে, সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানে সাঈদ আল নোমানের এ উদ্যোগ কার্যকর অগ্রগতি অর্জনে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিসা জটিলতা নিরসন, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় এ ধরনের দ্বিপক্ষীয় আলোচনা গুরুত্বপূর্ণ।