নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ এক বছর পর নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ মঙ্গলবার বিকেল ৪টায় তিনি দলীয় কার্যালয়ে আসবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
বিএনপিপন্থি সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত নববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে এবং দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেই তিনি আসছেন বলে জানান শায়রুল কবির খান।
নয়াপল্টনে খালেদা জিয়ার আগমন উপলক্ষে দলীয় কার্যালয়ে তার নিজস্ব কক্ষ আজ সকাল থেকেই ধোয়ামোছা চলছে। এ বিষয়ে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের কেয়ারটেকার হাজী মোহাম্মদ রুস্তম আলী বলেন, ‘দীর্ঘদিন পর ম্যাডাম কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন। তার আগমন উপলক্ষে তার বসার কক্ষটি ধোয়ামোছা করা হচ্ছে। কারণ দীর্ঘদিন তার কক্ষটি খোলা হয়নি। ফলে চেয়ার-টেবিলসহ সব আসবাবপত্রে ধুলোর স্তূপ পড়ে গিয়েছিল।’
এদিকে নববর্ষের শুভেচ্ছা বিনিময় উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জাসাসের পক্ষ থেকে মঞ্চ তৈরি করা হয়েছে। আজকের অনুষ্ঠান উপলক্ষে জাসাসের সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান বলেন, ‘ম্যাডামের আসার কথা ছিল বিকেল ৫টার সময়। কিন্তু কোনো কারণবশত তিনি বিকেল ৪টার সময় অনুষ্ঠানস্থলে উপস্থিত হবেন। ম্যাডামের আগমন ও অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে আমরা দ্রুত কাজ করে যাচ্ছি।’
খালেদা জিয়া সর্বশেষ ২০১৪ সালে ৩০ মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিএনপির দলীয় কার্যালয়ে এসেছিলেন।

