দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর প্রাণহানি হয়েছে। এ নিয়ে চলতি বছর ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৮ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের বুধবার (৩০ সেপ্টেম্বর) নিয়মিত হাম সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৪ শিশুর। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৭ জন এবং নিশ্চিত হামে ১০১ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২২১ জন শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে শনাক্ত হয়েছে ১২৮ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৯১ হাজার ৭৩১ জন। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৫২০ জন। এ বছর ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট ১ লাখ ৯৬ হাজার ৮০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৬২ হাজার ৮৩০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

