কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সারাদেশে নৈরাজ্য সৃষ্টি, গুপ্ত তৎপরতা, দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ তুলে মোংলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মোংলা পৌর মার্কেট চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর মার্কেট চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে নৈরাজ্য সৃষ্টি, ষড়যন্ত্র ও অপপ্রচারের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। প্রশাসনের নাকের ডগায় আওয়ামী লীগের ‘দোসররা’ ঘুরে বেড়াচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এসব কর্মকাণ্ড বন্ধে দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলী বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। যারা নৈরাজ্য ও ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ অন্যান্য নেতারা বলেন, জনগণের জানমাল ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের ‘গুপ্ত বাহিনী’ যেন কোনোভাবেই নতুন করে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেজন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও সজাগ থাকার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের যেসব কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, সেগুলোর তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিচার ও শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি দেশের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের কোথাও নৈরাজ্য, সহিংসতা বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করতে মাঠে থাকবে। প্রয়োজনে প্রতি সপ্তাহে আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যাহত রাখার কথাও জানান তারা।
সমাবেশে বিএনপি নেতা নাসির তালুকদার, গোলাম নুর জনি, মোঃ আলাউদ্দিন, কাজী ফারুক, আঃ কাদের, আঃ সালাম ব্যাপারী, মোঃ ইলিয়াস হোসেন, আলতাফ হোসেন চৌধুরী, শাহজাহান ফকির ও শেখ শহীদুল ইসলামসহ পৌর ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে মোংলা পৌর শহরে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি ও স্লোগানে মুখর হয়ে ওঠে বিভিন্ন সড়ক। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।

