নিজস্ব প্রতিবেদক: মানুষ মারার পর বেগম খালেদা জিয়া সিটি নির্বাচনে ভোট চাওয়ার জন্য মাঠে নামলে তাকে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক বন ও পরিবেশমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। সেই সঙ্গে তাকে অবরুদ্ধ করারও দাবি জানিয়েছেন তিনি।
সোমবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত মানববন্ধন পূর্ব সমাবেশে তিনি এ দাবি জানান। আইন পাস করে হরতাল-অবরোধ বন্ধের দাবি ও বিএনপি জামায়াতের হরতাল-অবরোধের প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে ড. হাসান বলেন, ‘ঢাকা এবং চট্টগ্রামের মানুষের কাছে বিএনপি ভোট চাইতে এলে তা কোনো অবস্থাতেই তারা মেনে নেবে না। বেগম জিয়া তিনমাস ধরে যে জ্বালাও-পোড়াও করছেন তা আর অব্যাহত থাকতে দেয়া যাবে না। তাকে অবরুদ্ধ করতে হবে, দমাতে হবে।’
খালেদা জিয়ার মানবিক গুণাবলীর লেশ মাত্র নেই মন্তব্য করে তিনি বলেন, ‘মানুষের যেসব মানবিক গুণাবলী থাকে তা তার নেই। তিনি এখন হায়েনার চেয়ে হিংস্র প্রাণীতে পরিণত হয়েছেন।’
তিনি অভিযোগ করে বলেন, ‘গত তিনমাসের কর্মকাণ্ডে জনগণ তাদের লাল কার্ড দেখাবে। এমনটি বুঝতে পেরে সিটি নির্বাচনে ভোট সুষ্ঠু হবে কি না প্রশ্ন তুলছেন খালেদা জিয়া।’
হাছান বলেন, ‘বিক্ষুব্ধ জনগণ লাল কার্ড দেখাবে মির্জা আব্বাস, মনজুর আলম ও আব্দুল আউয়ালের পুত্রকে। সে জন্য বিএনপি নানা প্লট তৈরির অপচেষ্টা চালাচ্ছে।’
সাবেক এই মন্ত্রী বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমেই ফয়সালা হবে দেশে হরতাল-অবরোধ অব্যাহত থাকবে কি না। যুদ্ধাপরাধীদের গাড়িতে জাতীয় পতাকা উড়বে কি না এবং পেট্রোল বোমাবাজি বন্ধ হবে কি না।’
সংক্ষিপ্ত এ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।

