পঞ্চগড়ে দ্বিতীয় পর্যায়ে সরকারি উদ্যোগে সোলার প্রজেক্ট স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার সকালে চীন, সিঙ্গাপুর ও দুবাইয়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শনকালে এ তথ্য জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, পঞ্চগড়ের এই অঞ্চল সোলার প্রজেক্ট স্থাপনের জন্য অত্যন্ত উপযোগী। দ্রুত প্রকল্পগুলোর নির্মাণকাজ সম্পন্ন করা গেলে ডিসেম্বরের মধ্যে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, সোলার প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনপদের বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে এলাকার বেকারত্ব কমানোরও সুযোগ তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত সরকারের সময়ে বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষ বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। বিদ্যুৎ খাতে অনিয়ম ও দুর্নীতির কারণে সৃষ্ট সমস্যার জন্য বর্তমান সরকার জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছে বলেও তিনি উল্লেখ করেন। চীন, সিঙ্গাপুর ও দুবাইয়ের প্রতিনিধি দলের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

