সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উত্তরাঞ্চলের কৃষি ও কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক অঞ্চলসমূহে সহায়তার লক্ষ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে সিটিজেনস ব্যাংক পিএলসি । বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ এর উপস্থিতিতে জনাব আলমগীর হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, সিটিজেনস ব্যাংক পিএলসি এবং জনাব একেএম সাইদুজ্জামান, পরিচালক, কৃষি ঋণ বিভাগ-২, বাংলাদেশ ব্যাংক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরিফ হোসেন খান, এক্সিকিউটিভ ডিরেক্টর, বাংলাদেশ ব্যাংক ; সিটিজেনস ব্যাংক পিএলসি- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এসএমআর ও মার্কেটিং বিভাগের প্রধান বিজয় চন্দ্র দাস সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উত্তরাঞ্চলের কৃষি ভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর আওতায় কৃষি উৎপাদন, সংরক্ষণ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ, বিপণন ও রপ্তানিসহ কৃষিখাতের গুরুত্বপূর্ণ বিভিন্ন পর্যায়ে অর্থায়নের সুযোগ সৃষ্টি হবে। একইসঙ্গে, এ উদ্যোগের মাধ্যমে গ্রামীণ ব্যবসা ও জনগোষ্ঠীর অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের সুযোগ আরও বৃদ্ধি পাবে। এই চুক্তির আওতায় সিটিজেনস ব্যাংক পিএলসি-এর সঙ্গে সম্পৃক্ত কৃষি উদ্যোক্তারা বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের অধীনে স্বল্পসুদে ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন।

