চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন আবারও নাকচ করেছেন আদালত। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ফারুক দেওয়ান।
মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার ১১তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলামের আদালতে ডনের জামিন আবেদনের ওপর শুনানি হয়। তার পক্ষে শুনানি করেন আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল। শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে দেন।
গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশরাফুল হক ডনকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়। একই দিন আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।
এদিকে, সালমান শাহ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মহানগর দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান ডনের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন। এ আবেদনের ওপর আগামী বৃহস্পতিবার ডনের উপস্থিতিতে শুনানি হওয়ার কথা রয়েছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। দীর্ঘদিন তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে হত্যা মামলা করা হয়। মামলাটির তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির নাম আলোচনায় আসে। দীর্ঘ সময় পর মামলাটি নতুন করে আলোচনায় আসার মধ্যেই আশরাফুল হক ডনের গ্রেফতার ও রিমান্ড আবেদনের বিষয়টি সামনে এসেছে।

