ঢাকাMonday , 24 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫২ জনকে হারিয়ে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ হলেন কাজিয়া

Link Copied!

৫২ প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’-এর মুকুট জিতেছেন ভারতের কেরালার ১৯ বছর বয়সী কাজিয়া লিজ মেজো। রোববার (২৩ আগস্ট) জয়পুরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতার ফিনালে। সেখানে বিজয়ীর মুকুট মাথায় ওঠে তরুণী কাজিয়ার।

এই জয়ের মাধ্যমে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন তিনি। আগামী নভেম্বরে পুয়ের্তো রিকোতে বসবে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই সৌন্দর্য প্রতিযোগিতার আসর।

কেরলের মাভেলিকারার বাসিন্দা কাজিয়া বর্তমানে আইনের ছাত্রী। পড়াশোনার পাশাপাশি মডেলিংয়ের প্রতিও রয়েছে তার সমান আগ্রহ। তবে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ তার প্রথম কোনো সৌন্দর্য প্রতিযোগিতার শিরোপা নয়।

মাত্র ১৭ বছর বয়সে ‘মিস টিন ডিভা ২০২৪’ খেতাব জেতেন কাজিয়া। এরপর ২০২৫ সালে ‘মিস টিন ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম রানারআপ হন। চলতি বছর ‘মিস ইউনিভার্স কেরল’ নির্বাচিত হওয়ার পর অংশ নেন ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’-এ। সেখানেই ৫২ প্রতিযোগীকে হারিয়ে শেষ পর্যন্ত বিজয়ের মুকুট জিতে নেন তিনি।

এই অর্জনের মধ্য দিয়ে নতুন ইতিহাসও গড়েছেন কাজিয়া। তিনিই কেরলের প্রথম প্রতিযোগী, যিনি ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ খেতাব জিতলেন। এর আগে কেরল থেকে কেউ এই প্রতিযোগিতায় বিজয়ী হতে পারেননি।

আইনের ছাত্রী হওয়ার পাশাপাশি কাজিয়া একজন প্রশিক্ষিত শাস্ত্রীয় নৃত্যশিল্পী। প্রায় ১২ বছর ধরে নাচের প্রশিক্ষণ নিয়েছেন তিনি। শুধু নাচ নয়, ড্রামস ও ভায়োলিনও বাজাতে পারেন কাজিয়া। অভিনয়ের প্রতিও রয়েছে তার আগ্রহ। মালয়ালম সিনেমা ‘শাইলক’র মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি।

২০০৭ সালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জন্ম কাজিয়ার। তার শৈশবের একটা বড় অংশ কেটেছে সেখানেই। আবুধাবির একটি স্কুলে পড়াশোনা করেছেন তিনি। পরে কেরলে ফিরে নিজের ক্যারিয়ার গড়ে তোলার পথে এগিয়ে যান।

এবারের প্রতিযোগিতায় তামিলনাড়ুর বৈষ্ণবী গণেশ হয়েছেন প্রথম রানারআপ। গুজরাটের অনুশ্রী সাতাভেলকর হয়েছেন দ্বিতীয় রানারআপ। একই আয়োজনে ‘মিস ইন্টারন্যাশনাল ইন্ডিয়া’ খেতাবও জিতেছেন অনুশ্রী।

অনুষ্ঠানে ২০২৫ সালের ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ বিজয়ী মণিকা বিশ্বকর্মা নতুন বিজয়ী কাজিয়ার মাথায় মুকুট পরিয়ে দেন।

শিরোপা জয়ের পর আবেগাপ্লুত কাজিয়া বলেন, ‘অসম্ভব ভালো লাগছে। এটা আমার জীবনের একটি আইকনিক মুহূর্ত। গত তিন বছর ধরে আমি এই মুহূর্তের জন্য পরিশ্রম করছিলাম। শেষ পর্যন্ত এই মুকুটটি কেরলে নিয়ে যেতে পারছি, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ।’

এখন কাজিয়ার সামনে আরও বড় চ্যালেঞ্জ। আগামী নভেম্বরে পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিতব্য ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় ভারতের হয়ে অংশ নেবেন তিনি। জাতীয় মুকুট জয়ের পর এবার বিশ্বসেরার মঞ্চে সাফল্য পাওয়াই কেরলের এই ১৯ বছর বয়সী সুন্দরীর নতুন লক্ষ্য।