ঢাকাSunday , 23 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চেলসির সঙ্গে ৮ বছরের চুক্তি ব্রাজিল তারকার, পেলেন ৯ নম্বর জার্সি

Link Copied!

চেলসির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি নবায়ন করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হোয়াও পেদ্রো। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩৪ সালের জুন পর্যন্ত লন্ডনের ক্লাবটিতে থাকবেন ২৪ বছর বয়সী এই তারকা। অর্থ্যাৎ, ব্লুজদের সঙ্গে ৮ বছরের চুক্তি করলেন তিনি। সে সঙ্গে নতুন মৌসুমে তাকে দলের ঐতিহ্যবাহী ৯ নম্বর জার্সি পরতেও দেখা যাবে।

চেলসি শনিবার সকালে হোয়াও পেদ্রোর চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করে। ক্লাবটির সঙ্গে নতুন চুক্তিকে নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

চুক্তি নবায়নের পর হোয়াও পেদ্রো বলেন, ‘চেলসির সঙ্গে নতুন চুক্তি করতে পেরে আমি খুবই আনন্দিত। সবসময়ই স্বপ্ন ছিল একটি বড় ক্লাবে খেলার। এই ক্লাবের সঙ্গে দীর্ঘমেয়াদে যুক্ত হতে পারা আমার কাছে অনেক বড় ব্যাপার।’

চেলসিতে যোগ দেওয়ার পর খুব অল্প সময়েই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন হোয়াও পেদ্রো। ফ্লুমিনেন্সের একাডেমি থেকে উঠে আসা এই ফরোয়ার্ড গত এক বছরে ক্লাবটির হয়ে খেলেছেন ৫৩ ম্যাচ, যেখানে তার গোল ২৩টি।

বিশেষ করে ২০২৫/২৬ মৌসুমের শেষ দিকে চেলসির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। ক্লাব বিশ্বকাপ জয়ে তিনি ছিলেন দলের অন্যতম নায়ক। সেমিফাইনালে নিজের শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে করেছিলেন জোড়া গোল। এরপর ফাইনালে পিএসজির বিপক্ষেও গোল করে চেলসির শিরোপা জয়ে অবদান রাখেন।

তার ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতিও পেয়েছেন হোয়াও পেদ্রো। চেলসির খেলোয়াড়দের ভোট ও ক্লাবের মূল্যায়নে ২০২৫/২৬ মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।

নতুন কোচ জাবি আলোনসোর কাছেও হোয়াও পেদ্রোর গুরুত্ব ক্রমেই বাড়ছে। স্প্যানিশ কোচ মনে করেন, শুধু মাঠের পারফরম্যান্সেই নয়, দলের নেতৃত্বেও ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

আলোনসো বলেন, ‘একজন অসাধারণ খেলোয়াড় ও নেতা হিসেবে তার উন্নতি প্রতিদিন এবং প্রতিটি ম্যাচেই স্পষ্ট হচ্ছে। তার মধ্যে বড় মৌসুম কাটানোর, গোল করার এবং দলকে সাহায্য করার তীব্র ইচ্ছা রয়েছে।’

হোয়াও পেদ্রোর ব্যক্তিত্বেরও প্রশংসা করেছেন আলোনসো। তার মতে, দলের ভেতরেও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের প্রভাব ক্রমেই বাড়ছে।

‘আমরা হোয়াওর সঙ্গে অনেক কথা বলেছি। কারণ সে শুধু একজন দুর্দান্ত খেলোয়াড় নয়, একজন অসাধারণ মানুষও। দলের মধ্যে তার ব্যক্তিত্ব অনেক শক্তিশালী,’ বলেন আলোনসো।

নতুন চুক্তির পাশাপাশি ৯ নম্বর জার্সি পাওয়াটাও হোয়াও পেদ্রোর জন্য আলাদা গুরুত্ব বহন করছে। চেলসির আক্রমণভাগে দীর্ঘমেয়াদে মূল গোলস্কোরার হিসেবে তাকে গড়ে তোলার ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে এই সিদ্ধান্তকে।

তবে এত সাফল্যের পরও একটি আক্ষেপ রয়েছে পেদ্রোর। ২০২৫/২৬ মৌসুমে চেলসির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করলেও ২০২৬ বিশ্বকাপের ব্রাজিল দলে জায়গা পাননি তিনি।

এখন অবশ্য জাতীয় দলের হতাশা পেছনে ফেলে চেলসিতে নিজের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করার লক্ষ্যই থাকবে তার। ২০৩৪ সাল পর্যন্ত চুক্তি এবং ৯ নম্বর জার্সি- সব মিলিয়ে চেলসির আক্রমণভাগের ভবিষ্যৎ পরিকল্পনার কেন্দ্রে যে জোয়াও পেদ্রো থাকছেন, সেটিই স্পষ্ট হয়ে উঠেছে।