নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটির সংরিক্ষত মহিলা আসনের প্রার্থী সুমাইয়া বেগমের মনোনয়নপত্র বাতিলের বিষয়টি ভুল স্বীকার করে আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমান। ফলে সুমাইয়া বেগমের মনোনয়নপত্রটি এখন বৈধ বলে গণ্য গবে।
রোববার সকালে আদালতে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করলে জিল্লার রহমানকে তার দায় থেকে অব্যাহতি দেয় হাইকোর্ট। একই সঙ্গে সুমাইয়া বেগমের মানোনায়নপত্রটি বৈধ বলে ঘোষণা করেন আদালত।
সুমাইয়ার আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন ড. শাহজাহান।
গত ১ এপ্রিল সুমাইয়া বেগম সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী হিসেবে মনোয়ন দাখিল করেন। কিন্তু ‘ভুলবশত’ হলফনামায় স্বাক্ষর না করায় তার মনোনয়ন বাতিল হয়ে যায়। পরে এ আদেশের বিরুদ্ধে তিনি আপিল করলে ৪ এপ্রিলে তাও বাতিল করেন ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমান।
সে আদেশের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করলে আদালত শুনানি করে সুমাইয়া বেগমের মনোনয়নপত্র বাতিলের ব্যাখ্যা দিতে ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমানকে আজ রোববার স্বশরীরে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

