ঢাকাSunday , 23 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার বিচার দাবি সুজনের

Link Copied!

রংপুরে শিক্ষক দম্পতিসহ পুরো পরিবারকে হত্যার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

রোববার (২৩ আগস্ট) সংগঠনের চেয়ারম্যান বিচারপতি এম এ মতিন ও প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে সুজন জানায়, আমরা গভীরভাবে বেদনা-ভারাক্রান্ত ও উদ্বিগ্ন যে, গতকাল রংপুর মহানগরের কামাল কাছনা মাছুয়াপাড়া গ্রামের একটি ভবন থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী এবং ছেলে আয়ুশ চক্রবর্তীর লাশ উদ্ধার করা হয়েছে; যেখানে হত্যার আলামত স্পষ্ট।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই নৃশংস ও মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রতিবাদের ভাষা আমাদের জানা নেই। নির্বাচনের মধ্যদিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী একটি দলের নেতৃত্বে ছয় মাসেরও বেশি সময় আগে সরকার গঠিত হলেও, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটেছিল, সে অবস্থা থেকে উত্তরণের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। হত্যা, ধর্ষণ, নিপীড়নের মতো অপরাধগুলো প্রতিনিয়তই ঘটে চলছে; যা কিছুতেই মেনে নেওয়া যায় না।

‘আমরা সুজনের পক্ষ থেকে সপরিবারে গণপতি চক্রবর্তীর নির্মম হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং জড়িত অপরাধীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার করাসহ বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’

সুজন বিবৃতিতে জানায়, আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই, একটি রাষ্ট্রের নাগরিকদের জীবন ও সম্পদ রক্ষাসহ সার্বিক নিরাপত্তা প্রদানের মূল দায়িত্ব সরকারের। এ দায়িত্ব সরকার এড়াতে পারে না।

বিবৃতিতে আরও বলা হয়, পরিশেষে, আমরা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ পুলিশ প্রশাসনকে এই নৃশংস হত্যাকাণ্ডের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে তৎপর হওয়াসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।