নিজস্ব প্রতিবেদক: সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণ থেকে আওয়ামী লীগের সমর্থন পাওয়া প্রার্থী সাঈদ খোকন বলেছেন, ‘প্রতিক্রিয়াশীল যুদ্ধের সঙ্গে আমাদের এই নির্বাচনী যুদ্ধ। এই নির্বাচনে পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই। পৃথিবীর কোনো শক্তি নেই আমাদের পরাজিত করবে।’
শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে এক মতবিনিময় সভায় এ কথা বলেন খোকন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন ঢাকা মহানগর আওয়ামী লীগ।
সাঈদ খোকন বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, একাত্তরের পরাজিত শক্তির কাছে পরাজিত হওয়ার কারণ নেই। আমি বিশ্বাস করি, ঢাকাবাসী অতীতের মতো আমাদের খালি হাতে ফিরিয়ে দেবে না। ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের বিজয় ছিনিয়ে আনতে হবে। পৃথিবীর কোনো শক্তি নেই আমাদের পরাজিত করে। আপনারা ধৈর্য্য ধরবেন। সকলে মিলে কাজ করবেন।’
বিএনপি জোটের হরতাল-অবরোধের সমালোচনা করে সাঈদ খোকন বলেন, ‘গত তিন মাসে বিএনপি-জামায়াত যেভাবে নিরীহ মানুষ হত্যা করেছে। একজন নয়, দুজন নয়, শতাধিক নিরাপরাধ মানুষের রক্তে ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছে। এর কী কোনো বিচার হবে না? ২৮ এপ্রিল সিটি নির্বাচনে ব্যালটের মাধ্যমে আপনারা এ বিচার প্রক্রিয়া শুরু করবেন।’
বাবার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘যে বন্ধন-আবেগ ঢাকার সঙ্গে আমার ও আমার পরিবারের। এর স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সমর্থন দিয়েছেন। আমার মা আমার কপালে চুমু খেয়ে ঢাকাবাসীর জন্য উৎসর্গ করেছেন। একটি করে ভোট প্রার্থনা করে আমাকে বিজয়ী করেন। বাসযোগ্য একটি ঢাকা আপনাদের উপহার দিতে পারবো।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাহে আল মুরাদের পরিচালনায় এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমন্বয়ক ড. আবদুর রাজ্জাক, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, ফজলে নূর তাপস, খালিদ মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম বাবু, সাবেক সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, হাবিবুর রহমান সিরাজ, ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম প্রমুখ।

