সিলেট প্রতিনিধি: নগরীর বাগবাড়ী এলাকায় বাসা দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় দু’টি মটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশায় আগুন দিয়েছে হামলাকারীরা।
শনিবার রাত সোয়া ১১টার দিকে বাগবাড়ী ৩৫৩নং বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাতে জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হওয়ার পর (রাত সোয়া ১১টা) নগরীর বাগবাড়ী এলাকায় কয়েকজন সন্ত্রাসী নিয়ে জামায়াত-শিবির স্লোগান দিয়ে হাজী আব্দুর রবের (৩৫৩ নং বাসা) বাসার পাশে কলোনি দখল করতে যায় রাফি নামের এক ব্যক্তি। এ সময় বাসায় কেয়ারটেকার বাধা দেয়। একপর্যায়ে তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কলোনিতে আগুন ধরিয়ে দেয়।
পরে বাসায় কেয়ারটেকার রুবেল এলাকাবাসীকে নিয়ে তাদের ধাওয়া দেয়। এসময় দখলকারীরা কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ এলাকাবাসী হামলাকারীদের দু’টি মটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
এছাড়া পালিয়ে যাওয়ার সময় হামলাকারীরা একটি সিএনজি অটোরিকশায় আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর মকলিছুর রহমান কামরান ও কোতোয়ালি থানার ওসি সাজ্জাদ।
এ সময় ঘটনাস্থল থেকে হামলাকারী রাফি মিয়া, কেয়ারটেকার রুবেলকে আটক করে পুলিশ। পরে এলাকাবাসী শফিক, কামাল, মেহেরাজ নামের আরো তিন হামলাকারীকে আটক করে পুলিশে দিয়েছে।
এদিকে আগুল লাগার খবর পেয়ে সিলেটের ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। তবে এর আগেই এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলে।
হামলাকারী রাফি বাসার মালিক হাজী আব্দুর রবের ভাতিজা বলে জানা গেছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে লামাবাজার পুলিশ ফাঁড়ির এসআই রবিউল বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।

