সিলেট প্রতিনিধি: মানবতাবিরোধী অপরাধী জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হওয়ায় সিলেটে বইছে আনন্দের জোয়ার। শনিবার রাতে ফাঁসি কার্যকর হওয়ার পরপরই সর্বস্তরের মানুষ রাজপথে নেমে আসে। মিছিলে মিছিলে কেঁপে উঠে রাজপথ।
যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের সংবাদে সিলেটে তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে সিলেট গণজাগরণ মঞ্চ। ফাঁসির রায় কার্যকরের পরপরই নগরীর জিন্দাবাজার এলাকায় আনন্দ মিছিল করে তারা। এসময় মিষ্টি বিতরণও করা হয়। এসময় অপরাপর যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরের দাবি জানানো হয়।
মিছিল পরবর্তী সভায় বক্তারা বলেন, এই রায় কার্যকরের মাধ্যমে একজন কুখ্যাত নরঘাতকের শাস্তি নিশ্চিত করলো বাংলাদেশ। এর মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। এই রায় কার্যকর মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বক্তারা অবিলম্বে যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত ইসলামীকে নিষিদ্ধের দাবি জানান।
তাৎক্ষণিক আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, সংগঠক দেবব্রত চৌধুরী লিটন, আবদুল বাতেন, রাজীব রাসেল, জাকির জাহামজেদ, দেবজ্যোতি দেবু, শুভ ধর, মারুফ অমিত প্রমুখ।
এদিকে, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। শনিবার রাত ১০টার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে এই যুদ্ধাপরাধীকে ফাঁসিতে ঝুলানোর পর রাত সাড়ে ১০টায় ছাত্রলীগের চারটি পক্ষ পৃথকভাবে মিছিল বের করে।
ফাঁসি কার্যকর হওয়ায় পর শাবি ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ ও সাধারণ সম্পাদক ইমরান খানের নেতৃত্বে শাহপরান হলের সামনে ও পদবঞ্চিত ছাত্রলীগ নেতা আব্দুল কাদের রেদুয়ান-মহিবুল ইসলাম মিসবাহ গ্রুপ ও মেহেদী মাসুদ রানা গ্রুপের নেতাকর্মীরা বঙ্গবন্ধু হল থেকে ক্যাম্পাসে আনন্দ মিছিল করে।
অন্যদিকে ক্যাম্পাসে সকল প্রকার সভা-সমাবেশে নিষেধাজ্ঞা থাকায় শাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ ও যুগ্ম সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের নেতৃত্বে শাহপরান হলে মিষ্টি বিতরণ করা হয়।
এছাড়া আবাসিক হলে শাবি ছাত্রলীগের সহ-সভাপতি অঞ্জন রায় ও বহিষ্কৃত ছাত্রলীগ নেতা উত্তম কুমার দাশের অনুসারীরা আলাদা মিষ্টি বিতরণ করেছে।
এছাড়াও রাতে নগরীর দর্শন দেউড়িতে মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তির নেতৃত্বে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়।
নগরীর মেজরটিলায় মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলমের নেতৃত্বে আনন্দ মিছিল ও সমাবেশ হয়েছে।

