লালমনিরহাট-২ আসন (আদিতমারী, কালীগঞ্জ) রোকন উদ্দিন বাবুল এমপি’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকাল ৫টায় লালমনিরহাটের আদিতমারী উপজেলা বিএনপির কার্যালয়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আদিতমারী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালেকুজ্জামান প্রামানিক। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, আদিতমারী উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক নাদিরুল ইসলাম ইসলাম মানিক, লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু ইয়াহিয়া ইউনুছ আহমেদ, আদিতমারী উপজেলা যুবদলের আহবায়ক হাসানুল বান্না, সদস্য সচিব আবু বাক্কার, আদিতমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহারিয়ার আলম রনি, আদিতমারী উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল হালিমসহ আদিতমারী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে সালেকুজ্জামান প্রামানিক বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে তিনি দলীয় মূল ধারা ও প্রবীণ নেতাদের তোয়াক্কা না করে নিজস্ব স্বার্থ গুছিয়ে চলছেন। এছাড়া জাতীয় পার্টি, নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ, জামায়াতে ইসলাম এবং স্বার্থান্বেষী মহলের সাথে যোগসাজশে নিজের ইচ্ছামত উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছেন, যা বিএনপির ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করছে। অভিযোগে আরও বলা হয়, নির্বাচনের পর এমপি রোকন উদ্দিন বাবুল কোনো ধরনের মূল্যায়ন সভা বা এলাকার সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেননি। উল্টো কেন্দ্র এবং রংপুর বিভাগীয় তৃণমূলের নির্দেশনা অমান্য করে আগামী ১৮ আগস্ট সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল এন্ড কলেজ মাঠে দলের নাম ভাঙিয়ে একটি বিধিবহির্ভূত সভার আহ্বান করা হয়েছে, যার বিষয়ে মূল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের মূল নেতারা কিছুই জানেন না। সাম্প্রতিক একটি ঘটনা উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান নির্ধারিত সময় বেলা ১১টায় শেষ সম্পন্ন ঘোষণা করা হয়। কিন্তু পরবর্তীতে এমপির নির্দেশে দুপুরে আদিতমারী উপজেলা দলীয় কার্যালয়ের তালা ভেঙে অনধিকার প্রবেশ করে অনাকাঙ্ক্ষিতভাবে আরেকটি সভা করা হয়, যা তৃণমূল নেতাকর্মীদের ক্ষুব্ধ করে তোলে। লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুল সাংবাদিকের বলেন, ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে না পেরে কিছু নেতা আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলেছেন। আমার সাথে তৃণমুল বিএনপি নেতা-কর্মীদের নিয়মিত যোগাযোগ আছে এবং আমার বিরুদ্ধে তাদের কোন অভিযোগ নেই। আদিতমারী উপজেলায় বিএনপির কোন কমিটি নেই। নিয়ম অনুযায়ী দলীয় কার্যালয় আমার নিয়ন্ত্রণে থাকার কথা কিন্তু আমাকে না জানিয়ে কিছু নেতা দলীয় কার্যক্রম করার চেষ্টা করছেন। আমি তৃণমুল রাজনীতিতে বিশ্বাসি। কিভাবে কর্মীদের মুল্যায়ণ করতে হয় তা ভালোভাবে জানি এবং সেভাবেই কাজ করে যাচ্ছি। কতিপয় নেতা এমপি ও সরকারের ইমেজ নিয়ে টানাহেচড়া শুরু করেছেন। যারা এসব করছেন তাদের বিরুদ্ধে অগনিত অভিযোগ রয়েছে। উল্লেখ্য যে, মোঃ রোকন উদ্দিন বাবুল লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি ও ১৭, লালমনিরহাট-০২ (আদিতমারী, কালীগঞ্জ) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য।

