ঢাকাMonday , 17 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘চেন্নাই সুপার কিংসে ধোনির ভূমিকা কী হবে, আগে সেটা ঠিক করতে হবে’

Link Copied!

স্টিফেন ফ্লেমিংয়ের বিদায়ের পর নতুন প্রধান কোচ খুঁজছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (সিএসকে)। আর সেই দৌড়ে আলোচনায় থাকা নামগুলোর মধ্যে সাবেক ইংলিশ ব্যাটার ইয়ন মরগ্যান ও ব্রেন্ডন ম্যাককালামের পাশাপাশি এবার উঠে এসেছে সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার ও চেন্নাইয়ের বর্তমান ব্যাটিং কোচ মাইকেল হাসির নাম।

চেন্নাইয়ের নতুন কোচ হিসেবে হাসিকেই সবচেয়ে উপযুক্ত মনে করছেন ভারতের সাবেক অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তার মতে, নতুন কাউকে বাইরে থেকে আনার প্রয়োজন নেই। দলের ভেতরেই রয়েছে যোগ্য একজন, ‘মিস্টার ক্রিকেট’ মাইকেল হাসি।

নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত বলেন, ‘চেন্নাই সুপার কিংসের বাইরে থেকে কাউকে আনার দরকার নেই, যখন তাদের সঙ্গে মিস্টার ক্রিকেট আছেন। মাইকেল হাসিই স্বয়ংক্রিয়ভাবে প্রধান কোচ হওয়া উচিত। তিনিই সেরা পছন্দ।’

তবে কোচ নির্বাচনের আগে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ ভূমিকাও নির্ধারণ করা জরুরি বলে মনে করেন শ্রীকান্ত। ২০২৫ সালের পর থেকে চেন্নাইয়ের হয়ে মাঠে দেখা যায়নি ধোনিকে। চোটের সমস্যার কারণে ২০২৬ সালের আইপিএলেও কোনো ম্যাচ খেলেননি ভারতের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক।

শ্রীকান্ত বলেন, ‘তবে সামনে চেন্নাই সুপার কিংসে এমএস ধোনির ভূমিকা কী হবে? আগে সেই বিষয়টি ঠিক করতে হবে। এরপরই বাকি সবকিছু ঠিক জায়গায় আসবে।’

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে খেলোয়াড় হিসেবে চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছিলেন স্টিফেন ফ্লেমিং। পরের বছরই দলের প্রধান কোচের দায়িত্ব নেন তিনি। এরপর দীর্ঘ ১৭ বছর সিএসকের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক।

ফ্লেমিংয়ের অধীনে চেন্নাই পাঁচবার আইপিএল শিরোপা জেতে। শুধু আইপিএল নয়, তার কোচিংয়ে দলটি দুইবার চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিও জিতেছে।

ফ্লেমিংয়ের সময়ে চেন্নাই ১২ বার আইপিএলের প্লে-অফে উঠেছে এবং ১০ বার ফাইনালে খেলেছে। ফলে তার বিদায়ের পর নতুন কোচ নির্বাচন সিএসকের জন্য বড় সিদ্ধান্ত হতে যাচ্ছে।

সিএসকের নতুন কোচ হিসেবে ইয়ন মরগ্যানের নামও জোরেশোরে শোনা যাচ্ছে। ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও সম্প্রতি নিজের ইউটিউব অনুষ্ঠানে মরগ্যানকে সম্ভাব্য কোচ হিসেবে ইঙ্গিত দিয়েছিলেন।

তবে শ্রীকান্তের পছন্দের তালিকায় মরগ্যানের কোনো জায়গা নেই। ইংল্যান্ডের হয়ে সফল ক্রিকেটার ও অধিনায়ক হলেও কোচ হিসেবে মরগ্যানকে তিনি যোগ্য মনে করছেন না।

শ্রীকান্ত বলেন, ‘আমি নিশ্চিতভাবে ইয়ন মরগ্যানকে নেব না। ইংল্যান্ডের হয়ে তিনি ভালো খেলোয়াড় ও ভালো অধিনায়ক ছিলেন। কিন্তু কোচ হিসেবে তাঁকে আমি বিকল্প হিসেবে গ্রহণ করব না।’

কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবেও মরগ্যানের খুব একটা সাফল্য ছিল না বলে মনে করেন শ্রীকান্ত। তার পরামর্শ, কোচিংয়ের বদলে ধারাভাষ্যেই থাকা উচিত মরগ্যানের।

তিনি বলেন, ‘কেকেআরের অধিনায়ক হিসেবেও তিনি অসাধারণ কিছু করতে পারেননি। তার জন্য ধারাভাষ্যেই থাকা ভালো।’

সব মিলিয়ে ফ্লেমিং-পরবর্তী যুগে সিএসকের নতুন কোচ কে হবেন, তা নিয়ে আলোচনা তুঙ্গে। শ্রীকান্তের পছন্দ মাইকেল হাসি, অশ্বিনের ইঙ্গিত ইয়ন মরগ্যানের দিকে। আর এর মধ্যেই ধোনির ভবিষ্যৎ ভূমিকাও হয়ে উঠেছে চেন্নাইয়ের অন্যতম বড় প্রশ্ন।