নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, প্রি-পেইড মিটার বাতিলসহ ৫ দফা দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ। পরে দাবিগুলো বাস্তবায়নের জন্য বিদ্যুৎ মন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে শহরের বড় ট্রাফিক মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন সভাপতিত্বে বক্তব্য দেন,সংগঠনের সহ-সভাপতি মাহবুবুল আলম টুলু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আবু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জলিল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সভাপতি আলিফ সিদ্দিকী প্রান্তর।সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘ সময় ধরে লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। দিন-রাত সমানতালে বিদ্যুৎ বিভ্রাট চলায় জনজীবন ও ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। প্রিপেইড মিটার সাধারণ মানুষের গলার কাটায় পরিণত হয়েছে। তাই তারা দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত দ্রুত প্রিপেইড মিটার বাতিলের দাবি জানান। সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বলেন, লোডশেডিংয়ে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। বিদ্যুতের অভাবে সাধারণ মানুষকে চরম কষ্ট পোহাতে হচ্ছে।প্রি-পেইড মিটার জনগণের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে। মিটারের ডিমান্ড চার্জ বাতিল ও মিটার ভাড়া বাতিল করতে হবে। স্মারকলিপিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ডিমান্ড চার্জ বাতিল, মিটার ভাড়া বন্ধ, ৫০ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের স্বল্প রেট নির্ধারণ এবং ভ্যাটের হার কমানোর দাবি জানানো হয়েছে।

