‘আদিবাসী ধাত্রীদের সম্মান, জীবন ও সুস্বাস্থ্য রক্ষা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬। এ উপলক্ষে রোববার (৯ আগস্ট) দুপুরে জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এবং ইএসডিও-থ্রাইভ প্রকল্পের সহযোগিতায় ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি যাকোব খালকোর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম শরিফ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মামুনুর রহমান মামুন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু, ইএসডিওর থ্রাইভ প্রকল্পের কর্মকর্তা ওয়ালিউর রহমান, জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক বিষ্ণুরাম মুর্মুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনমানের উন্নয়ন, মাতৃস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ প্রসবব্যবস্থা জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে আদিবাসীদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা। বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন ন্যায্য দাবি বাস্তবায়নে সরকারের প্রতি জোর আহ্বান জানান। উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৯৪ সালে ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে। বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং তাদের জীবন-জীবিকা ও বিভিন্ন সংকট সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছর দিবসটি পালিত হয়।

