তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন হচ্ছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। এর মধ্যে উপকূলীয় এলাকাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে। এ সমস্যার বৈশ্বিক সমাধান করতে হবে।
রোববার (৯ আগস্ট) বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় তথ্যমন্ত্রী বন বিভাগের যেকোনো উদ্যোগে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং সবাইকে সবুজায়নের গুরুত্ব অনুধাবনের আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, দক্ষিণাঞ্চলের মানুষ হওয়ায় আমরা জানি, জলবায়ু পরিবর্তন কীভাবে হচ্ছে। বৃষ্টির পরিমাণ, রোদের পরিমাণ, তাপমাত্রা এবং পানির উচ্চতা দিন দিন পরিবর্তিত হচ্ছে। বাংলাদেশে যেসব এলাকা ঝুঁকির মধ্যে থাকবে, তার মধ্যে আমাদের মতো উপকূলীয় অঞ্চল ও সাগরপাড়ের এলাকাগুলো অন্যতম। ফলে এসব এলাকার মানুষও ঝুঁকিতে থাকবে।
মন্ত্রী বলেন, জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি সচেতন না হই, তাহলে আমাদের তাপমাত্রা বসবাসের অনুপযোগী পর্যায়ে চলে যাবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সস্তা উন্নয়ন নিয়ে ব্যস্ত নন। এর একটি বড় প্রমাণ হলো পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগ। প্রতি বছর পাঁচ কোটি করে বৃক্ষরোপণ করা হবে। সেই লক্ষ্যেই সারাদেশে বৃক্ষমেলা আয়োজন করা হচ্ছে।
পরে মন্ত্রী বৃক্ষমেলায় অংশগ্রহণকারী বিভিন্ন নার্সারি ঘুরে দেখেন। বরিশাল বিভাগীয় বৃক্ষমেলায় বিভিন্ন জেলা থেকে আসা ৫০টি নার্সারি অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত এ বৃক্ষমেলা চলবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

