বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায় আর নেই। রোববার (৯ আগস্ট) ভোরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, আত্মীয়স্বজন, সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার দুপুরে পোস্তগোলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
মৃণাল কৃষ্ণ রায় ১৯৬৫ সালে পাকিস্তান অবজারভারের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে তিনি অধুনালুপ্ত বাংলাদেশ টাইমস, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসে কাজ করেন।
এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য এ সাংবাদিকের মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ মৃণাল কৃষ্ণ রায়ের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

