ঢাকাTuesday , 28 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতের কোচের চাকরি ছাড়লেন ডেসকাটে, ফিরছেন আগের ঠিকানায়

Link Copied!

ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রায়ান টেন ডেসকাটে। ইংল্যান্ড সফরে সাদা বলের সিরিজ শেষে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। জানা গেছে, এবার তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) কোচিং স্টাফে যোগ দিচ্ছেন।

ইংল্যান্ড সফরে ভারত টি-টোয়েন্টি ও ওয়ানডে দুই সিরিজই হেরে যায়। এরপরই জাতীয় দলের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন টেন ডেসকাটে।

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হয়ে গৌতম গম্ভীর ভারতের প্রধান কোচ হওয়ার পর থেকেই জাতীয় দলের কোচিং স্টাফে ছিলেন টেন ডেসকাটে। গম্ভীরের পছন্দেই তিনি দলে যোগ দেন এবং ব্যাটিং ও ফিল্ডিং উভয় বিভাগেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

কেকেআরে যোগ দিয়ে আবারও অভিষেক নায়ারের সঙ্গে কাজ করবেন টেন ডেসকাটে। ভারতের জাতীয় দলেও তারা কিছু সময় একসঙ্গে সহকারী কোচ হিসেবে কাজ করেছিলেন। এর আগে কেকেআরেও দুজন একই কোচিং ইউনিটের সদস্য ছিলেন।

কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে টেন ডেসকাটের সম্পর্ক দীর্ঘদিনের। খেলোয়াড় হিসেবে তিনি ২০১২ ও ২০১৪ সালে দলের হয়ে দুটি আইপিএল শিরোপা জিতেছিলেন। পরে ২০২২ সালে ফিল্ডিং কোচ হিসেবে ফ্র্যাঞ্চাইজিটিতে ফিরে আসেন। ২০২৪ সাল পর্যন্ত তিনি কেকেআরের কোচিং স্টাফে ছিলেন। এই সময়ে গৌতম গম্ভীরের মেন্টরশিপ এবং চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিংয়ে দলটি আরও একটি আইপিএল শিরোপা জেতে। পরে গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচ হওয়ায় তার সঙ্গেই জাতীয় দলে যোগ দিয়েছিলেন টেন ডেসকাটে।

ভারতের সহকারী কোচ হিসেবে টেন ডেসকাটের সময়টা সাফল্য ও হতাশার মিশেল ছিল। তার সময়ে ভারত ২০২৫ সালের এশিয়া কাপ জয় করে এবং ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে ধরে রাখে।

তবে টেস্ট ক্রিকেটে দলটি কঠিন সময় পার করে। অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাস্কার ট্রফি হারানোর পাশাপাশি ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ এবং দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় ভারত।