নিজস্ব প্রতিবেদক: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তর সিটির ১৬ মেয়র প্রার্থীর প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। শুক্রবার সকাল ১০টায় আগারগাঁওয়ের জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম এই প্রতীক বরাদ্দ করেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক ‘টেবিল ঘড়ি’ প্রতীক পেয়েছেন। বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ‘বাস’। এছাড়া বিকল্পধারা সমর্থিত প্রার্থী মাহী বি চৌধুরী ‘ঈগল’, গণসংহতি আন্দোলন সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকি ‘টেলিস্কোপ’, জাসদ সমর্থিত প্রার্থী নাদের চৌধুরী ‘ময়ূর’ ও সিপিবি সমর্থিত ক্কাফী রতন পেয়েছেন ‘হাতি’ প্রতীক।
এছাড়া জাতীয় পার্টির বাহাউদ্দিন বাবুল পেয়েছেন ‘চরকা’, শেখ শহিদুজ্জামান ‘দিয়াশলাই’, এ ওয়াই কামরুল ইসলাম ‘ক্রিকেট ব্যাট’, কাজী শহিদুল্লাহ ‘ইলিশ মাছ’, শামছুল আলম চৌধুরী ‘চিতা বাঘ’, জামান ভুইয়া ‘টেবিল’, আনিসুজ্জামান ‘ডিশ এন্টেনা’, হোসেন খান মজলিশ ‘চায়ের ফ্লাক্স’, শেখ ফজলুর বারি মাসউদ ‘কমলা লেবু’ ও চৌধুরী ইরাত আহমেদ সিদ্দিকী পেয়েছেন ‘লাউ’ প্রতীক।
আগামী ১২ এপ্রিল রাজধানীর ফার্মগেটের কৃষি ইনস্টিটিউটে বেলা ১১টায় বরাদ্দ পাওয়া প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)।

