নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার ভেবেছিল ২০ দলীয় জোট এ নির্বাচনে অংশ গ্রহণ করবে না। আর নির্বাচনে না আসলে তারা সারা পৃথিবীকে বলে বেড়াবে বিএনপি জঙ্গিদের সংগঠন। এদের কোনো জনমত নেই। নির্বাচনে আসায় এখন তারা ফাঁদে পড়ে গেছে। ২৮ তারিখে আমরা দেখিয়ে দেব বিএনপির কতটা জনসমর্থন আছে।’
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন খন্দকার মাহবুব। ‘গণতন্ত্র, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠা ও পেশাজীবী নেতা মাহমুদুর রহমান ও সেলিম ভূইয়াসহ সকল নেতা-কর্মীদের মুক্তির দাবি’তে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আন্দোলন যখন তুঙ্গে তখন সরকার চমক সৃষ্টির জন্য সিটি করপোরেশন নির্বাচনের ঘোষণা দিয়েছে বলেও মন্তব্য করেন এই আইনজীবী।
নির্বাচন কমিশনারের উদ্দেশে খন্দকার মাহবুব বলেন, ‘৫ জানুয়ারির মতো যদি ২৮ এপ্রিল প্রহসনের নির্বাচন হয় তাহলে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন আপনি।’
তিনি বলেন, ‘সিটি নির্বাচনে অংশ নেয়া বিএনপির কোনো প্রার্থী গ্রেপ্তার হলেই তার জয় নিশ্চিত। ঘরে থাকলেও গ্রেপ্তার-নির্যাতনের শিকার হবেন। সুতরাং বাইরে বের হয়ে আসুন। রাস্তায় নামলে পুলিশ যদি গ্রেপ্তার করে তাহলে ওই মুহূর্তেই আপনার জয় নিশ্চিত হয়ে যাবে।’
খালেদার এ উপদেষ্টা বলেন, ‘সব অত্যাচার, নির্যাতন থেকে মুক্তি পেতে হলে এই সরকার থেকে মুক্তি পেতে হবে। আর সরকার থেকে মুক্তি পেতে হলে এবারই সুযোগ। আসুন ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচনে অংশগ্রহন করি।’
মাহবুব হোসেন বলেন, ‘শেষবারের মতো একবার রাস্তায় নেমে আসুন, দেখবেন এ সরকার কোথায় যাবে তার ঠিকানা থাকবে না।’
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, ডা. জাহিদ হোসেন প্রমুখ।

