জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের বিভিন্ন বিল, বংশী খাল ও বানার খালে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং অবাধ বিচরণ নিশ্চিত করতে রবিবার (১৯ জুলাই ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত এ অভিযানে মোট ৩০টি নিষিদ্ধ রিং জাল (চায়না দুয়ারি জাল), ১৫টি কারেন্ট জাল এবং ১০টি বেড় জাল জব্দ করা হয়। অভিযান চলাকালে বানার খালে স্থাপিত ৮টি স্থায়ী বাঁধ অপসারণ করে মাছ চলাচলের পথ উন্মুক্ত করে দেওয়া হয়। পরে জব্দকৃত জাল ও অন্যান্য অবৈধ সরঞ্জামাদি জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, সহকারী মৎস্য কর্মকর্তা, ক্ষেত্র সহকারী, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সচিব, ওয়ার্ড সদস্য এবং গ্রাম পুলিশ সদস্যরা। এছাড়া একই দিনে শরীফপুর বাজারে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, দেশীয় প্রজাতির মাছের অবাধ বিচরণ ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

