ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার রাত ৯টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধীনস্থ নাগরভিটা বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৫৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫ হাজার ৯৮০ টাকা। বৃহস্পতিবার ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারির সার্বিক নির্দেশনায় ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল হাবিলদার মো. মশিউর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সীমান্ত পিলার ৩৭৮/৩-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সরকারপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানায়, সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য পাচার, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি। সীমান্তের নিরাপত্তা ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্যও আহ্বান জানান।

