বাগেরহাটে পরীক্ষা শেষে দুই এইচএসসি পরীক্ষার্থীর ওপর দুই দফা হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে সরকারি মহিলা কলেজের প্রধান ফটকের ভেতর এবং বাইরে দুই দফায় এ হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার দুই শিক্ষার্থী হলেন শাহরিয়ার খান ও রাফসান আমিন। তারা সরকারি পিসি কলেজের বাণিজ্য বিভাগের শিক্ষার্থী।
এদের মধ্যে শাহরিয়ার খানের ফেসবুক আইডিতে আওয়ামী লীগের পুনর্বাসনের পক্ষে বিভিন্ন পোস্ট দেখা গেছে।
হামলার শিকার শিক্ষার্থীদের অভিযোগ, সরকারি পিসি কলেজ ছাত্রদল নেতা সামিরসহ কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালান। মেসেঞ্জারে কথা-কাটাকাটির জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে তাদের দাবি।
বাগেরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. এজেডএম রুহুল কাদির বলেন, ‘হামলার বিষয়টি খুবই অন্যায় হয়েছে। আমরা এ বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেবো।’
এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা সামির বলেন, ‘শাহরিয়ার খান নামের ওই শিক্ষার্থী দীর্ঘদিন ধরে শেখ হাসিনার পক্ষে এবং সরকারকে বিতর্কিত করে পোস্ট দেয়। এসব কারণেই তার সহপাঠীদের সঙ্গে এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এর সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত নন।’

