লক্ষ্মীপুর প্রতিনিধি: এইচএসসি পরীক্ষায় কেন্দ্রে প্রবেশ করে নকলের সহায়তা করার অভিযোগে আটক কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি আমজাদ হোসেন আজিমকে (২৮) ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান এ রায় দেন।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, চলমান এইচএসসি পরীক্ষায় ইংরেজি ১ম বর্ষ পরীক্ষা চলাকালে দুপুর সাড়ে ১১ দিকে লক্ষ্মীপুর সরকারী মহিলা কলেজ কেন্দ্রে নকল নিয়ে অবৈধভাবে প্রবেশ করে শিক্ষার্থীদের সহায়তা করার সময় লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি আমজাদ হোসেন আজিম ও ছাত্রলীগ কর্মী জিহাদকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান।
পরে তাদের ২ জনকে আটক করে ভ্রাম্যমান আদালত পাবলিক পরীক্ষা অপরাধ ১৯৮০ এর ১১ ধারায় ছাত্রলীগ কলেজ শাখা সভাপতি আমজাদ হোসেন আজিমকে ৭ দিনের জেল ও মো. জিহাদকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করার নির্দেশ দেয়।
এদিকে ইংরেজী পরীক্ষা চলাকালে লক্ষ্মীপুর জেলায় এইচএসসি পরীক্ষায় নকল করার অপরাধে ৪ জনকে ও আলিম পরীক্ষায় ইংরেজি ২য় বর্ষ পরীক্ষায় ৩ জনকে বহিষ্কার করা হয়েছে।
যোগাযোগ করা হলে জেলা ছাত্রলীগের সভাপতি মাহামুদুন নবী সোহেল মোবাইলে জানান, আমজাদ হোসেন আজিম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি। সেই অপরাধ করেছে তা আমি অবগত নই, আমি ঢাকায় অবস্থান করছি।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অনুমতিবিহীন ও পরীক্ষাগ্রহণ কাজে বাধা প্রয়োগ করার অভিযোগে আটককৃত আমজাদ হোসেন আজিমকে ৭ দিনের জেল ও মো. জিহাদকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করার নির্দেশ দেয়া হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল হোসেন জানান, দণ্ডপ্রাপ্তকে বিকেলে জেল হাজতে প্রেরণ করা হবে।

