নিজস্ব প্রতিবেদক: আত্মগোপনে থাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।
আজ বুধবার সকাল ১০টার দিকে খিলগাঁওয়ের শান্তিপুর স্কুলের সামনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। এসময় তিনি সিটি নির্বাচনে ‘লেভেল প্লেইং ফিল্ড’ তৈরি হয়নি বলে অভিযোগ করেন।
তিনি বলেন, ‘আব্বাসের বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা মামলা রয়েছে। তাকে যদি জামিন না দেয়া হয় তবে তিনি নির্বাচনী মাঠে নামতে পারবেন না। এছাড়া তার পক্ষে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে রয়েছে মামলা। অথচ লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার দায়িত্ব সরকারের।’ অচিরেই মির্জা আব্বাস জামিন পাবেন এবং নির্বাচনী প্রচারে মাঠে নামবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
আন্দোলনে থেকে বিএনপি কেন নির্বাচন করছে? এমন প্রশ্নের জবাবে আফরোজা আব্বাস বলেন, ‘নির্বাচনে বিএনপির অংশগ্রহণ আন্দোলনেরই একটি অংশ।’
সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর শান্তিপুর স্কুলের সামনে ও এর আশপাশের এলাকায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিল করে নির্বাচনী প্রচার শুরু করে। বিকেলে মতিঝিল এলাকায় মির্জা আব্বাসের সমর্থনে প্রচার চালানো হবে।
প্রচারণা চালাতে আব্বাসের পক্ষে মাঠে নামছেন স্ত্রী

