নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় গেলে ওয়ার্ডে ওয়ার্ডে তাকে প্রতিহত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা পরিষদ আয়োজিত হরতাল-অবরোধ নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘খালেদা জিয়া গুলশান কার্যালয়ে অবস্থান করে প্রায় ২০০ জন মানুষ হত্যা করেছেন। তাই তিনি ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় গেলে তাকে প্রতিহত করতে হবে।’
সাবেক এই মন্ত্রী বলেন, পশ্চিম বঙ্গে কিছু দিন পর নির্বাচন অনুষ্ঠিত হবে। ওখানে মন্ত্রীরা তাদের প্রটোকল নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেবে। বাংলাদেশেও নির্বাচনী আচরণ বিধি সংশোধন করে মন্ত্রী-প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার ব্যবস্থা করতে হবে।
খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘জামায়াতের হরতাল আদালতের বিরুদ্ধে হরতাল। এই হরতাল মানুষ প্রত্যাখ্যান করেছে। কামারুজ্জামানের রায়ের রিভিউ হয়েছে। রিভিউতে মৃত্যুদণ্ড বহাল রয়েছে। আদালতের রায়ের পূর্ণাঙ্গ কপি আসার পর রায় কার্যকর করা হবে।’
সিটি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রচারণার নামে বিএনপি যদি সন্ত্রাস করে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যাদের বিরুদ্ধে মানুষ পোড়ানোর অভিযোগ আছে তাদের সমর্থন না করার জন্য আহ্বান জানান তিনি।
ব্যারিস্টার জাকির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, শাহীন মনোয়ারা হক প্রমুখ।

