বাগেরহাটের মোংলার জয়মনি এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (২৪ জুন) সকালে মোংলা থানার জয়মনি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কোস্ট গার্ড বেইস মোংলার উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ ক্যাম্পে এলাকার অসহায়, দরিদ্র, দুঃস্থ ও শিশুদের চিকিৎসাসেবা প্রদান করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, ক্যাম্পেইনে মোট ২২১ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকেই উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে নিয়মিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বাংলাদেশ কোস্ট গার্ড।

